সুন্দরবনের দুবলারচর থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হওয়ায় পশুর নদীতে ভাসতে থাকা ৪২ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টায় দুবলারচরে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসব শেষ করে দুইটি ইঞ্জিনচালিত বোটে যাত্রীরা ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে বোট দুটি নদীতে ভাসতে থাকে।
বোটে থাকা এক যাত্রী মোবাইল ফোনে কোস্ট গার্ডকে বিষয়টি জানালে হারবারিয়া স্টেশন থেকে উদ্ধার অভিযান চালানো হয়। রাত ৭টার দিকে অভিযান শেষে ইঞ্জিন বিকল হওয়া বোট দুটি ও ৪২ জন যাত্রীকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সকল যাত্রী খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। পরে যাত্রী ও বোটগুলোকে জয়মনিরঘোল জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সব সময় উপকূলীয় এলাকায় উদ্ধার ও জনসেবা কার্যক্রম পরিচালনায় প্রস্তুত রয়েছে।





