দেশজুড়ে স্বাস্থ্যসেবার কাঠামো আরও শক্তিশালী করতে নতুন করে অন্তত ৫০০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা নিয়েছে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট। জাইকার অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে দেশের দুর্গম এলাকাগুলোতেও—এমনটাই আশা সংশ্লিষ্টদের।
বুধবার (২০ আগস্ট) দুপুরে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান।
তিনি বলেন, “প্রাথমিক পরিকল্পনায় ছিল প্রতি ৬ হাজার মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক বা ৩০ মিনিট হাঁটার দূরত্বে একটি ক্লিনিক। কিন্তু বাস্তবে হাওর, পাহাড় ও চরাঞ্চলে ১০ থেকে ১৫ হাজার মানুষের জন্য একটি ক্লিনিক রয়েছে। এতে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের ওপর চাপ বাড়ছে। এই ঘাটতি পূরণেই নতুন ৫০০ কমিউনিটি ক্লিনিক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
আক্তারুজ্জামান জানান, জমি দিতে ইচ্ছুক ব্যক্তিরা ৩০০ টাকার নোটারি করা স্ট্যাম্পে আন্ডারটেকিং জমা দিলে সেসব আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেওয়া হবে।
ট্রাস্টের মাঠ প্রশাসনের পরিচালক আসিফ মাহমুদ বলেন, “শুধু সেবা নয়, আমরা শক্তিশালী অবকাঠামো গড়তে চাই। এজন্য নিজস্ব ভবন নির্মাণ, প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঝুঁকিপূর্ণ ক্লিনিক পুনর্নির্মাণ ও ডিজিটাল রেফারেল সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে।”
তিনি জানান, নারীর অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেও কাজ চলছে। বর্তমানে ৫৪ শতাংশ নারী সিএইচসিপি থাকলেও ভবিষ্যতে তা ৮০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তাদের ধাত্রীবিদ্যায় প্রশিক্ষণ দিয়ে মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে কাজ হবে।
টেলিমেডিসিন, সৌরবিদ্যুৎ, স্থানীয় অ্যাম্বুলেন্স ও বার্ষিক বেসিক হেলথ চেকআপ অন্তর্ভুক্ত থাকবে ভবিষ্যৎ পরিকল্পনায়।
কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “কমিউনিটি ক্লিনিকের মূল উদ্দেশ্য প্রতিরোধমূলক ও পরামর্শমূলক সেবা। এখানে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না। সেবা দেন প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। তাই ক্লিনিকে ম্যাটস নিয়োগ কার্যকর হবে না, কারণ তারা ডাক্তারদের সহকারী হিসেবে কাজ করেন, যা এই কাঠামোয় বাস্তবসম্মত নয়।”
বর্তমানে দেশে ১৪,৪৬৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ১৩,৯২৩ জন সিএইচসিপি নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। এসব ক্লিনিক পরিচালিত হয় স্থানীয় ১৩-১৭ সদস্যবিশিষ্ট কমিউনিটি গ্রুপের মাধ্যমে





