জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০টার পর সকল ধরনের অনুষ্ঠান আয়োজন পুনরায় নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০ টার পর যে কোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো। রাত ১০:০০টার পর কোনো অনুষ্ঠান চলমান থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি/রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অনুষ্ঠান চলাকালীন শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন 'রাত ১০টার মধ্যে অনুষ্ঠান সমাপ্তির আইন পাসের সঙ্গে আমি একমত নই। বরং, অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ক্যাম্পাসের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রণে রাখা, মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে, শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের সুযোগ বিবেচনা করে অনুষ্ঠান আয়োজনের সময়সীমা কমপক্ষে রাত ১২:০০টা পর্যন্ত নির্ধারণ করা উচিত'।
তবে জাকসুর জিএস মাজহারুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি নির্দেশনাটি মেনে চলতে সকলের সহযোগিতা চেয়েছেন।
শিক্ষার্থীরা সাংস্কৃতিক রাজধানী খ্যাত ক্যাম্পাসে রাত ১০টার পর অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন, প্রশাসনের এই সময়সীমা নির্ধারণ স্বৈরশাসনধর্মী মনোভাবের প্রতিফলন এবং এটি শিক্ষার্থীদের সৃজনশীল ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করছে। অনেক শিক্ষার্থী মনে করছেন, প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সামাজিক উদ্যমকে সীমিত করছে। তবে প্রশাসন এ সিদ্ধান্তের যুক্তি হিসেবে ক্যাম্পাসের নিরাপত্তা ও পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করেছে।





