সরকারি কর্মচারীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন বেতন স্কেল বা পে-স্কেল বাস্তবায়ন হবে না। এ বিষয়ে পরিষ্কার করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই পে-স্কেল কার্যকর করবে না।

উপদেষ্টা বলেন, “বেতন কমিশনের পক্ষ থেকে সরকারকে যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, তা কেবল সুপারিশমূলক। এটি কার্যকর করার কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার নেয়নি। পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি সম্পূর্ণভাবে পরবর্তী নির্বাচিত সরকারের এখতিয়ারে থাকবে। তারা চাইলে এটি বাস্তবায়ন করতে পারে, আবার চাইলে বাতিলও করে দিতে পারে।”

ফাওজুল কবির খান আরও উল্লেখ করেন, “এই প্রস্তাবিত পে-স্কেল পরবর্তী সরকারের জন্য কোনো বাড়তি চাপ তৈরি করবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের হাতেই রয়েছে।”

বর্তমান সরকারের স্থগিত সিদ্ধান্তের ফলে, সরকারি কর্মচারীদের সর্বনিম্ন ২০ হাজার টাকা বেতন নিয়ে চলমান আলোচনা এখন পরবর্তী নির্বাচনের পর গঠিত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।