বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুনভাবে শত্রুরা হত্যাকাণ্ডে লিপ্ত হচ্ছে এবং আমরা আশঙ্কা করছি, ভবিষ্যতে আরও হত্যার ঘটনা ঘটতে পারে।


আজ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আবারও একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমরা যে কোনো পরিস্থিতিতেই স্বাধীনতাকে রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখব।


১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনীর হাতে দেশের বহু বুদ্ধিজীবী নিহত হন।


শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ছাত্র-যুব-নারী সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির মধ্যে রয়েছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন এবং শহীদদের স্মরণে বিভিন্ন আলোচনা সভা।