ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) আগামী ১০ আগস্ট সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে। এ তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে ৪৫ লাখ ৩৪ হাজারের বেশি ভোটার। পাশাপাশি তালিকা থেকে বাদ পড়বেন ২১ লাখেরও বেশি মৃত ভোটার।

মঙ্গলবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। তিনি জানান, খসড়া তালিকা প্রকাশের পর ২১ আগস্ট পর্যন্ত আপত্তি ও সংশোধনের জন্য সময় দেওয়া হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

ইসি সূত্র জানায়, ভোটার তালিকা আইন সংশোধনের ফলে এবারই প্রথম বছরে দ্বিতীয়বারের মতো খসড়া ভোটার তালিকা প্রকাশ করছে কমিশন। এর আগে গত ২ জানুয়ারি প্রথম খসড়া ও ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। নতুন এই তালিকায় ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, অথচ এখনও ভোটার হননি—তাদের নাম যুক্ত হচ্ছে।

গত ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৫ মে পর্যন্ত চলা তথ্য সংগ্রহ কার্যক্রমে ৬৫ লাখ ৫৬ হাজার ৫৯৫ জনের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ৬১ লাখ ৮৮ হাজার ৪৩ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে।

নতুন ভোটার (২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম):
 পুরুষ – ১৮ লাখ ৯৬ হাজার ৮২৮
 নারী – ২৬ লাখ ৩৭ হাজার ৮৫৭
 হিজড়া – ১৫৪
 মোট – ৪৫ লাখ ৩৪ হাজার ৮৩৯

প্রথমবার ভোটার হতে যাওয়া (২০০৭ সালের ২ জানুয়ারি থেকে ২০১৮ সালের ১ জানুয়ারি জন্ম):
 পুরুষ – ৯ লাখ ৮ হাজার ৩১৫
 নারী – ৭ লাখ ৪৪ হাজার ৮৬১
 হিজড়া – ২৮
 মোট – ১৬ লাখ ৫৩ হাজার ২০৪

মৃত ভোটার বাদ পড়েছে: ২০ লাখ ৫৪ হাজার ৬৬৫ জন (সার্ভারে কর্তন এন্ট্রি)

ভোটারদের মধ্যে একাধিক জন ভোট নিয়ে তাদের মতামত জানিয়েছেন। যেমন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রেজানুর রহমান তামিম বলেন, “ভোট দেওয়া নাগরিকের অধিকার। আমি অবশ্যই ভোট দেব।”

তবে কেউ কেউ অতীত নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিতুমীর কলেজের এক শিক্ষার্থী বলেন, “শুনেছি, কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে যায়। তাই আগেরবার ভোট দেইনি। এবার যদি নিশ্চয়তা পাই, অবশ্যই যাব।”

এক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বিজন সরকার বলেন, “ভোট দিলেও কিছু হয় না, এমন মনে হতো। তবে এবার ইচ্ছা আছে ভোট দেওয়ার।”

ঢাকার শেওড়াপাড়ার বাসিন্দা গৃহিণী তন্বী পাল বলেন, “আমি শুধু ভোট দেওয়ার জন্য ঢাকা থেকে ময়মনসিংহ গিয়েছি। এটা আমার অধিকার। এবার চাই নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক।”

ইসির সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
এর মধ্যে:

পুরুষ: ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫

নারী: ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫

হিজড়া: ৯৯৪ জন

ইসি সূত্র জানায়, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আরও এক দফা ভোটার তালিকা হালনাগাদ হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে সময়সূচি ও প্রয়োজনীয়তা অনুযায়ী কমিশনের সিদ্ধান্তের ওপর।