সব বিষয়ে মতপার্থক্য থাকলেও কিছু মৌলিক প্রশ্নে জাতীয় ঐকমত্য জরুরি বলে মন্তব্য করেছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে তিনি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন স্মরণ করেন যেখানে বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ব্যাপক মামলার চাপ, আদালতপাড়ায় রাত কাটানো এবং নির্বাচনের আগে বিরোধী শিবিরকে দুর্বল করে দেওয়ার অভিযোগ তুলে ধরা হয়েছিল। তার ভাষায়, রাষ্ট্র পরিচালনার আকাঙ্ক্ষা অপরাধ নয়, কিন্তু অতীতের অভিজ্ঞতা ভুলে গেলে চলবে না।
তিনি লেখেন, এখনও একটি ভয়ংকর শক্তি সুযোগের অপেক্ষায় রয়েছে। একসময় সেই শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলেছিল। রাস্তায়, কারাগারে, জনসমাবেশে নেতারা একে অপরের পাশে দাঁড়িয়েছেন। ধানের শীষ তখন হয়ে উঠেছিল সার্বজনীন প্রতীক।
কোনো দলের নাম না নিয়ে তিনি বলেন, অতীতের গুম-খুন, ফাঁসির মঞ্চে নেতাদের মৃত্যুবরণ, ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণ করলে বোঝা যায়, যে নেতৃত্ব ঐক্য গড়ে দীর্ঘদিনের আন্দোলন চালিয়েছে, সেই নেতৃত্ব দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে না— এমন ধারণা অযৌক্তিক।
রাষ্ট্রদূত আরও লেখেন, বড় রাজনৈতিক দল ক্ষমতার দায়িত্ব নেওয়ার আগে পারস্পরিক সমঝোতা ও ন্যূনতম ঐকমত্য বজায় রাখা জরুরি। সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়, কিন্তু কিছু মৌলিক বিষয়ে সমঝোতা জাতীয় ভবিষ্যৎ রক্ষার জন্য অপরিহার্য।





