রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবু নামে এক রিকশাচালককে গণপিটুনি দিয়েছে বিক্ষোভকারীদের একটি দল, যারা নিজেদের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়েছে। একই দিনে ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে এক নারীকেও মারধরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে দলটির সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবুকে ঘেরাও করে হামলা চালানো হয়। একপর্যায়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীরা তাকে পাশের একটি মার্কেটে নিয়ে গিয়ে মারধর করে। হামলায় তিনি অচেতন হয়ে পড়েন। পরে পুলিশ তাকে গাড়িতে তোলার সময়ও আবারও মারধরের ঘটনা ঘটে। পুলিশের কার্যক্রম সেই সময় অনেকটাই নিষ্ক্রিয় ছিল। আহত রিকশাচালকের বাড়ি বরিশালের নেহালগঞ্জে।
এছাড়া দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আরেকজন নারীও মারধরের শিকার হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের পর তাকে উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করা হয়েছে।





