জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রুবেল হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় বগুড়া সদর থানা পুলিশের সহযোগিতায় বগুড়া শহরের মাটিডালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল হোসেন কালাই উপজেলার পুনট ইউনিয়নের মাদাই গ্রামের আফসার আলীর ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ১ আগস্ট ধর্ষণের অভিযোগে কালাই থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত শেষে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১১ নভেম্বর আসামির অনুপস্থিতিতে দায়রা জজ আদালতের বিচারক রুবেল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
ওসি আরও জানান, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।