ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দিনে ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ভোটারদের ধর্মীয় অপব্যবহার, তথ্য জালিয়াতি ও ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় মিরপুরের ১২ নম্বর পল্লবী স্টেশনের সামনে থেকে গণসংযোগ কর্মসূচি শুরু হওয়া পথসভায় তিনি বলেন, “যারা ধর্মকে ভোট আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তারা মিথ্যাচার করছে এবং ধর্মপ্রাণ মানুষদের সঙ্গে প্রতারণা করছে। জান্নাতের মালিক একমাত্র মহান আল্লাহ। কোনো ব্যক্তি বা নির্বাচনী প্রতীক কাউকে জান্নাত দিতে পারে না। তাই রাজনৈতিক স্বার্থে ধর্ম ব্যবহার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি জানান, দল সবসময় ধর্মীয় ও ইসলামিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু কখনো ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। দলের লক্ষ্য হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন হবে।
প্রার্থী আরও সতর্ক করে বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটারের এনআইডি ও মোবাইল ব্যাংকিং তথ্য সংগ্রহ করছে। এটি জালিয়াতি বা ভোট তছরুপের একটি ষড়যন্ত্র হতে পারে। তাই দেশের মানুষকে অনুরোধ করা হয়েছে—কোনো অবস্থাতেই এমন সংবেদনশীল তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।
বিদেশি ষড়যন্ত্রের প্রসঙ্গে তিনি বলেন, কিছু রাজনৈতিক শক্তি বিদেশি সাহায্যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তবে বিএনপি কখনো এমন কোনো ষড়যন্ত্রে অংশ নেবে না। আমরা সবসময় জনগণের পাশে আছি এবং জনগণের রায়কেই চূড়ান্ত বলে সম্মান জানাই।
পল্লবী স্টেশন থেকে শুরু হওয়া গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আমিনুল হক ভোটারদের দ্বারপ্রদক্ষিণ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।





