বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি বলেছেন, “ধর্মভিত্তিক দলগুলোর একত্রিত হওয়াকে আমি ষড়যন্ত্র হিসেবে দেখি।” তিনি এই মন্তব্য করেন একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে।

নিলোফার মনি বলেন, যারা দীর্ঘদিন বিএনপির সঙ্গে আন্দোলন করেছে, তারা হঠাৎ চোখপাল্টি দিয়ে স্বপ্ন দেখছে যে রাষ্ট্র পরিচালনা করবে। তবে এটি বাস্তবের সঙ্গে মিলছে না।

তিনি বলেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শগতভাবে অনেক তফাৎ রয়েছে। কেউ মাজারকে সম্মান করে, কেউ ধ্বংসের পক্ষে। “এই বিধ্বংসী দলগুলো হঠাৎ এক হয়ে গেল। এ এক হওয়ায় নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে,” বলেন তিনি।

নিলোফার মনি আরও বলেন, “যেখানে একজন আরেকজনের ছায়া কেটে ফেলে, সেখানে দলগুলোর এক হওয়ার মধ্যে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। যদি এটা রাষ্ট্রের মঙ্গলের জন্য হতো, আমি কোনো আপত্তি রাখতাম না।”

তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে বলেন, “একটি রাষ্ট্র এতদিন চরম অসুস্থ অবস্থায় ছিল। এখন এটি নির্বাচনের পথে হাঁটছে। কিন্তু একসঙ্গে অভ্যুত্থানরত কিছু মানুষ ও দলগুলোর মধ্যে এখন আকাশ-পাতাল ব্যবধান তৈরি হয়েছে।”