আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধান উপদেষ্টা। তবে খুব শীঘ্রই বিষয়টি ফাইনাল হবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।


ড. আসিফ নজরুল বলেন, ২৭০ দিন ধরে আলোচনার পরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অনৈক্য হতাশাজনক। পূর্বে বিষয়বস্তু নিয়ে মতবিরোধ ছিল, এখন গণভোট নিয়েই দ্বিমত তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দলগুলোও উত্তেজিত ভূমিকা পালন করছে। তিনি আরও জানান, অনৈক্যের বিষয়টি উপদেষ্টা পরিষদের আলোচনাতেও এসেছে।


আইন উপদেষ্টা বলেন, কোনো রাজনৈতিক দল এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দিলে জুলাইয়ের চেতনা কোথায় থাকবে? তিনি উল্লেখ করেন, “যে যা বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে”। তবে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও রয়েছে।