বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “সর্বত্রই জনসংযোগে স্বতঃস্ফূর্তভাবে এলাকাবাসী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা খুব বেশি আশাবাদীভাবে বলতে পারি, দেশে স্বাভাবিক, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
সোমবার (৪ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিমের বাবা হোছাইন আহমদের কবরও জিয়ারত করেন।
এ্যানি বলেন, “আমরা প্রত্যেক মানুষের বাড়িতে যাচ্ছি। নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি, বাড়ি-ঘর ঘরে গিয়ে ভোটের জন্য কাজ করতে হবে। মা-বোন, মুরব্বি ও তরুণ সমাজ—সবার কাছে গিয়ে ভোট চাইতে হবে। ভোট চাওয়ার মাধ্যমে আমরা ইতিমধ্যেই ব্যাপক সাড়া পাচ্ছি। আগেও আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার মানুষের জন্য কাজ করেছি এবং তাদের কথা বলেছি।”
তিনি আরও বলেন, “খালেদা জিয়া অনেক ত্যাগ স্বীকার করেছেন। দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন এবং অসুস্থ অবস্থায় বহু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শেষ পর্যন্ত তিনি ইন্তেকাল করেন। তিনি সারা বিশ্বে সম্মানিত ও শ্রদ্ধার জায়গায় রয়েছেন। তার জানাজায় কোটি মানুষের অংশগ্রহণ ছিল। তিনি আপসহীন নেত্রী ছিলেন এবং গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা কৃষক দলের সহসভাপতি বদরুল ইসলাম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল এবং লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল খালেদসহ অন্যান্য নেতাকর্মীরা।





