দেশে প্রথমবারের মতো নিজস্ব কারখানায় বিশ্বমানের লিফট উৎপাদন শুরু করেছে প্রাণ-আরএফএল। প্রতিষ্ঠানটি আধুনিক প্রযুক্তি ও দক্ষ প্রকৌশলীদের সহায়তায় লিফট তৈরি করছে, যা স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগও তৈরি করবে।

\r\n

নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ২৬০ ইউনিট ধারণক্ষমতার কারখানায় বর্তমানে মাসে প্রায় ১০০–১২০ ইউনিট লিফট উৎপাদন হচ্ছে। ইউরোপ ও চীনা প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত এই লিফট কারখানার জন্য ২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।

\r\n

প্রাণের অঙ্গপ্রতিষ্ঠান প্রোপার্টি লিফটস ২০১৮ সালে সীমিত উৎপাদন শুরু করলেও ধীরে ধীরে দেশীয় কম্পোনেন্ট তৈরি বাড়িয়ে বর্তমানে লিফটের ৭০–৮০ শতাংশ কম্পোনেন্ট নিজস্ব কারখানায় উৎপাদন করছে। ভ্যালু হিসেবে এটি মোট যন্ত্রাংশের অর্ধেকের সমান।

\r\n

কারখানার পাশাপাশি উন্নতমানের ল্যাব স্থাপন করা হয়েছে, যা লিফটের মান পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে। প্রতিষ্ঠানটি ২০২৬ সালের মধ্যে রপ্তানি শুরু এবং ২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার পরিকল্পনা করছে।

\r\n

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, ‘দেশে ক্রমবর্ধমান লিফটের চাহিদা এবং আমদানিকৃত লিফটের উচ্চমূল্য বিবেচনায় আমরা দেশে লিফট উৎপাদনের উদ্যোগ নিয়েছি। কারখানায় উৎপাদিত লিফট দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানিও সম্ভব হবে।’

\r\n

বর্তমানে প্রতিষ্ঠানটি পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কোরিয়ান ইপিজেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড, চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজসহ বিভিন্ন স্থানে লিফট সরবরাহ করছে। কোম্পানির পরিকল্পনা অনুযায়ী, কয়েক মাসের মধ্যে কারখানার সম্পূর্ণ উৎপাদনক্ষমতা অর্জন হবে।

\r\n

খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে লিফট বাজার বর্তমানে ১৩০০ কোটি টাকার, যেখানে বছরে গড়ে ৪৫০০–৫০০০ ইউনিট বিক্রি হয়। ঢাকা ও আশপাশের অঞ্চলের চাহিদা ৪৫ শতাংশ, চট্টগ্রামের ২০ শতাংশ। দেশীয় উৎপাদন বাড়লে দেশের প্রতিটি অঞ্চলে লিফটের চাহিদা পূরণ সম্ভব হবে।

\r\n

প্রোপার্টি লিফটস বিশ্বসেরা লিফট ব্র্যান্ড ম্যাকপুয়ার্সা ও এসআরএইচের একমাত্র বাংলাদেশি পরিবেশক হিসেবেও কাজ করছে। বর্তমানে ২১০ জন কর্মী কারখানায় কাজ করছেন, ইনস্টলেশন ও সার্ভিসিংয়ে আরও এক হাজারের বেশি মানুষ যুক্ত, এবং ভবিষ্যতে নিরাপদ লিফট স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য আরও পাঁচ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।