নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দেশের বর্তমান মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪।
আজ রোববার ইসি ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
ইসি সচিবের মতে, ৩১ অক্টোবর পর্যন্ত হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২। তৃতীয় লিঙ্গের ভোটার (হিজড়া) রয়েছে ১ হাজার ২৩১ জন।
ভোটারের সংখ্যা বেড়েছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, চূড়ান্ত তালিকায় মোট ভোটার ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে পুরুষ ভোটার নারী ভোটারের চেয়ে ১৯ লাখ ৬ হাজার ৯১০ জন বেশি।
ভোটার তালিকা ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হালনাগাদ করা হয়েছে। এর আগে ৩১ আগস্ট প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪।





