সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ কিংবা ছাত্রনেতা সাম্য হত্যার ঘটনা নিয়ে তদন্ত করে এখন আর কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক। তার মতে, এখন দেশের সবচেয়ে জরুরি প্রয়োজন হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

\r\n

শুক্রবার (১৬ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

\r\n

ফারুক বলেন, “কাউকে আর ফিরিয়ে আনা যাবে না। তাই এখন দরকার রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা। আর সেটা সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে।”

\r\n

মানবিক করিডর ইস্যুতে তিনি বলেন, “এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার একটি নির্বাচিত সরকারেরই থাকা উচিত। জনগণের ভোটে নির্বাচিত না হলে কোনো সরকার এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না। তাই বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হলো জনগণকে একটি অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।”

\r\n

তিনি আরও বলেন, “যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জুলাইয়ের আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের আত্মা শান্তি পাবে।”

\r\n

সভায় বিএনপি ও সহযোগী দলের নেতারা দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।