সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন ও মেধাশূন্য করার পরিকল্পিত চেষ্টা চালানো হচ্ছে। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলাকে এ ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন।
রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় সহযোগীরা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। স্বাধীনতার ৫৪ বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর একই কৌশল প্রয়োগ করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। জুলাইয়ের পরাজিত শক্তি হাদিকে হত্যা করে দেশকে মেধাহীন করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, এই ধরনের ষড়যন্ত্রে আরও অনেকে হিট লিস্টে রয়েছে।
সাবেক উপদেষ্টা বলেন, একাত্তরে যেমন হানাদার বাহিনী পরাজিত হয়েছিল, এবারও দেশবিরোধী ও ফ্যাসিবাদী শক্তি পরাজিত হবে। মুক্তিযুদ্ধের সময় যেভাবে অপশক্তিকে হারানো হয়েছিল, আজও কেউ সফল হতে পারবে না। তাদের শক্ত হাতে দমন করা হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।





