কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সরেজমিনে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, টার্মিনাল প্রায় ফাঁকা এবং যাত্রী সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক কম।

বাস কোম্পানিগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রী কম থাকায় নির্ধারিত সময় অনুযায়ী অনেক বাস ছাড়তে পারছে না। ট্রিপ সংখ্যা কমিয়ে সীমিতভাবে গাড়ি চালানো হচ্ছে।

গোল্ডেন লাইনের কাউন্টারম্যান আলী আজগর বলেন, “আজ যাত্রী খুবই কম। সকাল ৮টার মধ্যে সাধারণত পাঁচটি বাস ছাড়ে, কিন্তু আজ মাত্র দুটি বাসে যাত্রী পেয়েছি—দুটোই ফরিদপুরের। বরিশাল ও সাতক্ষীরা লাইনে কোনো যাত্রী নেই। গতকাল বিকাল থেকেই যাত্রী কম।”

হানিফ এন্টারপ্রাইজের দায়িত্বে থাকা রুবেল বলেন, “গতকাল রাত থেকেই যাত্রী কম পাচ্ছি। আজকের ভোরের একটি গাড়ি চালু না রেখে বন্ধ রেখেছি।”

সোহাগ পরিবহনের কাউন্টারকর্মী সজিব জানান, “যশোরগামী সকাল সাড়ে ৯টার গাড়িটি বন্ধ রাখা হয়েছে। সকালের দুটি গাড়ি ছাড়লেও যাত্রী ছিল মাত্র চার–পাঁচজন।”

রংপুরগামী যাত্রী সুলায়মান হোসেন বলেন, “যাত্রী কম থাকায় সকালের গাড়ি ছাড়েনি। দুই ঘণ্টা ধরে টার্মিনালে বসে আছি, ৯টার বাস সময়মতো ছাড়বে কি না তাও নিশ্চিত নই।”

ভেড়ামারাগামী যাত্রী আব্দুল হান্নান বলেন, “গাড়ি ৮টায় ছাড়ার কথা ছিল, কিন্তু এখনও আসেনি। যাত্রী কম বলেই হয়তো দেরি হচ্ছে। আওয়ামী লীগ আতঙ্ক ছড়িয়েছে, তাই হয়তো অনেকে ভ্রমণে সাহস পাচ্ছে না। কিছুটা ভয় লাগছে, তবু জরুরি প্রয়োজনে ফিরছি।”