বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্রের যথাযথ চর্চা হয়নি। পাকিস্তান আমল থেকে শুরু করে স্বল্প কিছু সময় বাদে এই চর্চা উপেক্ষিত থেকেছে। মঙ্গলবার (৮ জুলাই) বাংলা একাডেমিতে আয়োজিত \"সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫\" অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দ্য বাংলাদেশ ডায়ালগ।
ফখরুল বলেন, “আজ সকালে একটি জরিপে দেখি, তরুণদের মাত্র ১.৮৭ শতাংশ রাজনীতিতে আগ্রহী। এটি দেখে মন খারাপ হয়েছিল। কিন্তু এখানে এসে তরুণদের অংশগ্রহণ দেখে আশার সঞ্চার হয়েছে। আমি বিশ্বাস করি, তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “তর্ক ও মতপার্থক্য গণতন্ত্রের অংশ। আমাদের কথা বলার স্বাধীনতা থাকতে হবে। আমি যেমন বলব, তুমিও বলবে—এই চর্চাই সুশাসনের ভিত্তি।”
এর আগে মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।
সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থ, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আঞ্চলিক বিষয়ে আলোচনা হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে।





