দুর্গাপূজা উপলক্ষে মাদরাসায় দেওয়া ছুটি বাতিলের দাবি জানিয়েছেন কিছু শিক্ষক ও অভিভাবক। এ বিষয়ে তারা বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে চিঠি জমা দিয়েছেন।

এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনেও মানববন্ধন করেন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত মাদরাসায় ছুটি থাকবে। এর মধ্যে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।

আবেদনকারীরা চিঠিতে উল্লেখ করেন, বিগত সরকার মাদরাসার ওপর ইসলামবিরোধী নানা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল। তার মধ্যে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানের ছুটি মাদরাসার শিক্ষাপঞ্জিতে অন্তর্ভুক্ত করা অন্যতম। তারা দাবি করেন, যেহেতু আলিয়া মাদরাসায় ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী নেই, তাই এসব ছুটি চাপিয়ে দেওয়া শরীয়তবিরোধী। তবে ভিন্ন ধর্মাবলম্বী কোনো শিক্ষক থাকলে তিনি নিজ ধর্মীয় ছুটি ভোগ করতে পারেন, এতে তাদের আপত্তি নেই।

লিখিত আবেদনে শিক্ষক প্রতিনিধি হিসেবে সই করেন সিরাজগঞ্জের আল-ফারুক ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। অভিভাবক প্রতিনিধি হিসেবে সই করেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীর অভিভাবক জুবায়ের আহমেদ এবং শেখ সাদ বিন জাহান।