আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণাসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব দাবি তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে সংগঠনের মুখপাত্র পলাশ কান্তি দে বলেন, “হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর। পূজার মূল ৩ দিন — অষ্টমী, নবমী ও দশমী — এ সময় পূজার বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে মাত্র ২ দিন সরকারি ছুটি থাকায় পূর্ণাঙ্গভাবে পূজার আনন্দ ও ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।”
তিনি আরও বলেন, “ধর্মীয় উৎসবের এই গুরুত্বপূর্ণ সময়টিতে পরিবার-পরিজনের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে। তাই অষ্টমী, নবমী ও দশমী — এই ৩ দিন সরকারি ছুটি ঘোষণা করার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি।”
হিন্দু মহাজোটের ৪ দাবি:
১. দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি (অষ্টমী, নবমী ও দশমী)।
২. প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে সরকারি খরচে সিসি ক্যামেরা স্থাপন এবং পূজার ১০ দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করা।
৩. গত বছরের মতো সেনাবাহিনী মোতায়েন করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
৪. দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং সেল গঠন করা।
পলাশ কান্তি দে আশঙ্কা প্রকাশ করে বলেন, “দুর্গাপূজা ও জাতীয় নির্বাচন সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে। অতীত অভিজ্ঞতা সুখকর নয়। ইতোমধ্যে দেশের ৪টি জেলায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পূজার আগে ও পরে মন্দির, মণ্ডপ ও হিন্দু স্থাপনায় হামলার আশঙ্কা রয়েছে।”
তিনি বলেন, “সম্ভাব্য হামলা প্রতিরোধে প্রতিটি এলাকাকে চিহ্নিত করে আগাম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পূজার সময় নিরাপত্তা নিশ্চিতে সরকারের দ্রুত পদক্ষেপ দরকার।”
গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার দেবনাথ, সম্মিলিত সনাতনী জোটের সভাপতি শ্যামল কুমার রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা সবাই দুর্গাপূজার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।





