সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক চিকিৎসা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক তথ্য জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে দুপুর ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে, গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং পূর্ণ সুস্থতার জন্য সময় প্রয়োজন। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউতে রয়েছেন।

লন্ডন থেকে তার বড় ছেলে তারেক রহমান ও স্ত্রী ডা. জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। এছাড়া ঢাকায় তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি তার পাশে রয়েছেন।

এদিকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার কামনায় বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনসহ নেতাকর্মী ও অনুসারীরা দোয়া মাহফিলের আয়োজন করেছেন।