বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা (মার্চ টু সচিবালয়) কর্মসূচি পালন করবেন। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, সোমবার রাতের মধ্যেই যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে মঙ্গলবার তারা রাজপথে নামবেন। এর আগে তারা লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে টানা তৃতীয় দিনের মতো শহীদ মিনারে অবস্থান করছেন।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপ ও বলপ্রয়োগ অনাকাঙ্ক্ষিত। দাবি আদায় না হলে তারা ‘মার্চ টু সচিবালয়’ ছাড়াও ‘মার্চ টু যমুনা’র মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।
এদিকে, দেশের বিভিন্ন স্থানে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন।
জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “দুপুরে আমরা সচিবালয়ের দিকে পদযাত্রা করব। আমাদের তিন দফা দাবির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”





