দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত একাধিক প্রতিবেদনে মাহবুবুল আলমের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। অভিযোগে বলা হয়, তিনি মামলার ভয় দেখিয়ে শত শত কোটি টাকা আদায় করেছেন, তদন্ত থেকে দায়মুক্তির শর্তে আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল ও প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে বিপুল অর্থ নিয়েছেন, এসেনশিয়াল ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকেও ১০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।
এছাড়া নিজের, স্ত্রী ও মায়ের নামে ঢাকার গুলশান, বসুন্ধরা, জোয়ার সাহারা, ডেমরা এবং জামালপুরের সরিষাবাড়ীতে প্রায় ১৫০ কোটি টাকার সম্পদ অর্জনের তথ্যও এসেছে অভিযোগে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এসব অভিযোগের গুরুত্ব এবং রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় গত ২৭ আগস্ট দুদকের কমিশন সভায় মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদক (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর ৪৩(১) বিধি অনুসারে বরখাস্তকালীন তিনি খোরাকি ভাতা প্রাপ্য হবেন।
\r\nপ্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আদেশটি জারির তারিখ থেকেই কার্যকর হবে।





