নৈতিক আচরণ সংক্রান্ত বিতর্কের জেরে দুই মাস ধরে সংগঠনের কাজ থেকে বিরত থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আবারও দলীয় কার্যক্রমে যুক্ত হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, সারোয়ার তুষারের বিরুদ্ধে ওঠা অভিযোগ পর্যালোচনা করে তাকে পুনরায় সাংগঠনিক দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপকে কেন্দ্র করে সারোয়ার তুষারের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠে। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তদন্ত চলাকালে সংগঠন থেকে বিরত থাকার নির্দেশ দেয় দলীয় নীতি নির্ধারকরা।

পরবর্তীতে সারোয়ার তুষার লিখিত জবাব, প্রাসঙ্গিক তথ্য ও প্রমাণসহ শৃঙ্খলা কমিটির কাছে তার অবস্থান ব্যাখ্যা করেন। এনসিপি জানায়, বিষয়টি একটি ব্যক্তিগত যোগাযোগের অংশ হিসেবে বিবেচিত হয়েছে এবং নারী সংবেদনশীলতা ও ন্যায়ের দৃষ্টিকোণ থেকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হয়।

দলটির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহউদ্দিন সিফাত বলেন, “সারোয়ার তুষারের ব্যাখ্যা সন্তোষজনক মনে হওয়ায় তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে তিনি দলের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে পারবেন।”

ফলে দুই মাসের বিরতি শেষে আবারও কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হলেন সারোয়ার তুষার।