ভারতে রপ্তানির অনুমোদিত ১ হাজার ২০০ মেট্রিক টনের মধ্যে দুই দিনে ৫৬.২৫ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে। সরবরাহ সীমিত থাকায় এ পরিমাণ তুলনামূলক কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার রাতে ৩৭.৪৬ মেট্রিক টন এবং বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আরও ১৮.৭৯ মেট্রিক টন ইলিশ ভারতে যায়।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা বলেন, “স্বাস্থ্য পরীক্ষা শেষে অনুমতি দেওয়া হয়েছে। রপ্তানির প্রতিটি ইলিশ রোগমুক্ত, স্বাস্থ্যসম্মত ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যোগ্য কি না তা নিশ্চিত করা হয়। সরবরাহ সীমিত হলেও আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানসম্মত ইলিশ রপ্তানি বজায় রাখা।”

এর আগে গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে মোট রপ্তানি হয়েছিল প্রায় ৮০২ মেট্রিক টন। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়েই গিয়েছিল ৫৩২.৩ মেট্রিক টন।

স্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, “দুর্গাপূজা ও আসন্ন উৎসবের কারণে ভারতে ইলিশের চাহিদা বেশি। আমরা চেষ্টা করছি বাজার চাহিদা মেটাতে। তবে সীমিত সরবরাহের কারণে রপ্তানিতে কিছুটা বাধা থাকলেও কার্যক্রম সচল রয়েছে।”