রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দিনের সরকারি সফরে নিজ জন্মভূমি পাবনায় পৌঁছেছেন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করেন। তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান। এর আগে সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি পাবনার উদ্দেশে রওনা দেন।

সফরসূচি অনুযায়ী, হেলিপ্যাডে পৌঁছানোর পর রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। বেলা ১১টায় আরিফপুর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত এবং পরে নিজ বাসভবনে অবস্থান করবেন। নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন। রোববার সকালে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর এটি রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর তিনি ইতোমধ্যেই চারবার পাবনা সফর করেছেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১৫ মে, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ সালের ১৬ জানুয়ারি এবং ৯ জুন তিনি আগেও পাবনায় সফর করেছেন।