ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নানা নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর অংশ হিসেবে নির্বাচনপূর্ব ও নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে।


\r\n

মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, ৮ ও ৯ সেপ্টেম্বর—এই দুই দিন মেট্রো স্টেশন বন্ধ থাকবে, যাতে কোনো বহিরাগত ব্যক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে না পারেন। তিনি আরও জানান, ভোটের সাত দিন আগে থেকেই কোনো বহিরাগত হলে অবস্থান করতে পারবে না। হাউস টিউটর ও প্রভোস্টদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে এবং নোটিশ ছাড়াই হলে পরিদর্শন চালানো হবে।


\r\n

নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি সিলগালা থাকবে। প্রবেশাধিকার থাকবে কেবল বৈধ ভোটারদের। অনাবাসিক শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনের ট্রিপ বাড়ানো হবে। সেই সঙ্গে ডিএমপি কমিশনারকে অনুরোধ করা হয়েছে যেন শিক্ষার্থীদের যান চলাচলে সহায়তা করা হয়।


\r\n

নির্বাচন উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম স্তরে থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও বিএনসিসি সদস্যরা, দ্বিতীয় স্তরে থাকবে পুলিশ বাহিনী এবং তৃতীয় স্তরে নির্দিষ্ট পয়েন্টে অবস্থান করবে সেনাবাহিনী, যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং ভোট শেষে ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করবে।


\r\n

২৬ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন কমিশন প্রার্থীদের জন্য পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এবং প্রচারণা চালাতে সময়সূচি মেনে চলার আহ্বান জানিয়েছে।


\r\n

প্রথমবারের মতো এবার ডাকসু ও হল সংসদ নির্বাচনে হলে ছাড়া ছয়টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭১ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন।


\r\n

ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল প্রকাশ করা হবে।