রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত হওয়ার ১৮ দিন পর হাসপাতাল ছেড়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি অ্যাম্বুলেন্সে করে বাসার উদ্দেশে রওনা হন।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
হাসপাতাল ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নুর। তিনি বলেন, “আমি এখনও পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাচ্ছি। এরপর প্রয়োজন হলে অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেব।” স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, তাকে রামপুরার মহানগর প্রজেক্ট এলাকায় তার বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুরসহ দলের একাধিক নেতাকর্মী। সেসময় দলীয় নেতাকর্মীরাই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নুরের মুখ ও বুক রক্তাক্ত, নাক ফেটে গেছে। তাকে স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে নিতে দেখা যায় তার সহকর্মীদের। গুরুতর আহত অবস্থায় ভর্তি হওয়ার পর পরদিন সকালে তার জ্ঞান ফেরে।
হামলার ঘটনার পর দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও এখনো পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন নুর।





