ভারতে পলাতক অবস্থায় থাকা শেখ হাসিনার নেতৃত্বে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে এক উচ্চস্তরের গোপন বৈঠক, যেখানে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পলাতক নেতারা অংশ নিয়েছেন। বৈঠকের মূল লক্ষ্য ছিল দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ‘গুম প্রসিকিউশন’ ও আসন্ন রাজনৈতিক পরিকল্পনা নিয়ে কর্মসূচি নির্ধারণ।

বিশ্বস্ত সূত্র জানায়, ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনে অবস্থানরত শেখ হাসিনার গোপন বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ডিজিএফআইয়ের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল (অব.) আকবর হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাভার এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম, চট্টগ্রাম যুবলীগের সাবেক আহ্বায়ক ও এমপি মহিউদ্দিন বাচ্চু, কক্সবাজারের সাবেক এমপি সাইমুম সরোয়ার কমল, ফরিদপুরের সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলু এবং টাঙ্গাইলের সাবেক এমপি ছোট মনির।

সূত্র জানিয়েছে, বৈঠকে তিনটি প্রধান বিষয়ে আলোচনা করা হয়। প্রথমত, সম্প্রতি ‘গুম প্রসিকিউশন চার্জে’ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে পরবর্তী করণীয় নির্ধারণ। দ্বিতীয়ত, আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ এবং বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলন জোরদার করা। তৃতীয়ত, দলকে সংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা, বিশেষ করে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ প্রধান শহরগুলোতে সাংগঠনিক তৎপরতা বাড়ানো।

দিল্লিতে শেখ হাসিনার বাসভবনকে কার্যত ‘ওয়ার রুম’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে স্থায়ীভাবে অবস্থানরত থাকছেন। নিরাপত্তা, চিকিৎসা এবং আইনি বিষয়গুলো দেখভাল করছে ভারত সরকারের অনুমোদিত সহায়ক দল।

একজন সূত্রের মতে, বৈঠকের সময় সায়মা পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করলে শেখ হাসিনা ক্ষেপে যান। এছাড়াও বাসায় ভারতীয় সাবেক হাইকমিশনার, আইনজীবী ও সাংবাদিকদের উপস্থিতি রয়েছে, যারা দলীয় কার্যক্রম ও গণমাধ্যম ব্যবস্থাপনা দেখভাল করছেন।

এই বৈঠক থেকে স্পষ্ট হয়, পলাতক আওয়ামী লীগ নেতারা ভারতের রাজধানী থেকে দেশের অভ্যন্তরে রাজনৈতিক ও সংগঠনগত কার্যক্রম পরিচালনার পরিকল্পনা হাতে নিয়েছেন।