ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ৬ টি আসনের মধ্যে আসন্ন নির্বাচনে জামায়াতের সবচেয়ে শক্তিশালী অবস্থান তৈরি হয়েছিল দিনাজপুর-৫ আসনে। কারণ আসনটিতে বিএনপির প্রার্থীসহ বিএনপি'র ওপর দুই বিদ্রোহী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করার কারণে সাধারণ ভোটাররা তাকিয়ে ছিল জামায়াত জোটের দিকে। 

বিশেষ করে তৃণমূল পর্যায়ে জামায়াতের প্রার্থী আনোয়ার হোসেন নিরলসভাবে মাঠ পর্যায়ে চষে বেড়িয়েছেন তার নির্বাচনী এলাকা। কিন্তু  জামায়াত এই আসনটি ছেড়ে দিল এনসিপির মনোনীত প্রার্থী ডাক্তার আব্দুল আহাদকে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী তালিকায় দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) থেকে ডাক্তার আব্দুল আহাদ। গত ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঐ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এই ঘোষণার ফলে নির্বাচনী এই আসনে জামায়াতের নেতা-কর্মীদের মাঝে চরম অসন্তোষ দেখা দিলেও তারা জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। ইতোমধ্যে জামায়াতে ইসলামী নিজেদের মধ্যে আলোচনা করে জোট প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন।