গোপালগঞ্জে পদযাত্রা চলাকালে হামলার মুখে পড়ার পর ‘মুজিববাদের কবর রচনা করেই ফিরবেন’ বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১৬ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম তার পোস্টে লিখেন, “গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের ওপর আক্রমণ চালিয়েছে। পুলিশ দাঁড়িয়ে শুধু নাটক দেখছে। পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হলে ফিরব না। সারা দেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন।”
তিনি গোপালগঞ্জের ছাত্র-জনতাকে ‘জেগে ওঠার’ আহ্বান জানিয়ে লেখেন, “দালালদের কবর রচনার আজই শেষ দিন।”
এর আগে একই দিন গোপালগঞ্জের পৌরপার্কে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচি শুরুর আগেই এনসিপির অভিযোগ, ‘নিষিদ্ধ’ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা একাধিক দফায় হামলা চালায়। তবু সমাবেশ করে নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে দলটির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরে ফের হামলা চালানো হয়। ঘটনার সময় পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও হামলাকারীরা দফায় দফায় আক্রমণ চালায়।
এনসিপি নেতারা দাবি করছেন, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে এই হামলা চালানো হয়েছে এবং প্রশাসন ‘নিষ্ক্রিয় ভূমিকা’ পালন করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার না করলেও রাজনৈতিক উত্তেজনা গোপালগঞ্জজুড়ে বেড়েই চলেছে।





