যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে।


এর মধ্যেই নতুন দুঃসংবাদ এসেছে বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র থেকে। দেশটির দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসের শিল্পনগরী লা পোর্টে দুটি বড় জ্বালানি সংরক্ষণ ট্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে বেপোর্ট শিল্প কমপ্লেক্সের কাছাকাছি চোয়েট রোডের ১০৮০১ নম্বর এলাকায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে একাধিক জরুরি সেবা দল কাজ করছে।


সংবাদমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, ঘটনাস্থলটি একটি গুরুত্বপূর্ণ শিল্প এলাকা, যেখানে বিভিন্ন পেট্রোকেমিক্যাল ও জ্বালানি স্থাপনা রয়েছে। হ্যারিস কাউন্টি ফায়ার মার্শালের কার্যালয় জানিয়েছে, আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে এবং জরুরি কর্মীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন।


প্রথমে লা পোর্ট ফায়ার ডিপার্টমেন্ট এবং পাসাডেনা ফায়ার ডিপার্টমেন্টের অগ্নিনির্বাপকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় অতিরিক্ত সহায়তা দল দ্রুত পাঠানো হয়।


পরে চ্যানেল ইন্ডাস্ট্রিজ মিউচুয়াল এইডের সহায়তা দল, বিশেষায়িত ইউনিট, হ্যাজম্যাট দল এবং পরিবেশ পর্যবেক্ষণ কর্মীদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তারা দাহ্য পদার্থের ঝুঁকি এবং আশপাশের পরিবেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করছেন।


প্রতিবেদন অনুযায়ী, এখনও দুটি বড় জ্বালানি ট্যাংকে আগুন জ্বলছে। অগ্নিনির্বাপকরা আশপাশের শিল্প স্থাপনাগুলোতে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ করছেন এবং বিশেষ সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আকাশে বিশাল কমলা রঙের আগুন ও ঘন কালো ধোঁয়া দেখা গেছে। কিছু ফুটেজে লিওনডেলবাসেল বেপোর্ট চোয়েট সাইটের স্টোরেজ ট্যাংকে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় আশপাশের সড়কে জরুরি কর্মীদের তৎপরতাও লক্ষ্য করা গেছে।


এদিকে হ্যারিস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা কার্যালয় জানিয়েছে, আপাতত আশপাশের বাসিন্দাদের জন্য কোনো সরিয়ে নেওয়া বা আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়নি। তবে অগ্নিকাণ্ড এবং আশপাশের শিল্প স্থাপনাগুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।