জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ক্ষমতাসীন দলের মধ্যে বিভাজন এড়াতে পদত্যাগ করবেন। রোববার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে। পদত্যাগের ফলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটি নতুন রাজনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে।
রয়টার্সের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে সরকার জানিয়েছে, ইশিবা স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবেন।
গত বছরের সেপ্টেম্বরে ক্ষমতায় আসার পর থেকে ইশিবার নেতৃত্বে জোট সংসদ উভয় কক্ষের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বিশেষ করে ভোটারদের মধ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ক্ষোভ জন্মেছে।
জুলাইয়ের উচ্চকক্ষ নির্বাচনে পরাজয়ের পর তার নিজের দলের মধ্যে পদত্যাগের আহ্বান উঠলেও ইশিবা তখন তা প্রত্যাখ্যান করেছিলেন।
সোমবার এলডিপি নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার পর তার ভবিষ্যত নিয়ে জল্পনা আরও বেড়ে গেছে।





