জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) দণ্ডিত ব্যক্তিদের বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমগুলোকে সতর্ক করেছে। সোমবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিএসএ লক্ষ্য করেছে যে দেশের কিছু প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যম দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে। এসব বক্তব্যের মধ্যে এমন কিছু আছে যা সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে এবং সহিংসতা, বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের উসকানি দিতে পারে।
এনসিএসএ জানায়, দণ্ডিত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫–এর বিরোধী। বিশেষ করে ধারা ৮(২) অনুযায়ী, কোনো তথ্য দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করলে বা জাতিগত ও ধর্মীয় বিদ্বেষ ছড়ালে তা অপসারণ বা ব্লক করার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধারা ২৬(১) অনুযায়ী ছদ্ম পরিচয় বা অবৈধ প্রবেশের মাধ্যমে ঘৃণা, বিদ্বেষ কিংবা সহিংসতায় প্ররোচনামূলক বক্তব্য প্রকাশ বা প্রচার করা অপরাধ। ধারা ২৬(২) অনুযায়ী, এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার বিধান আছে।
এনসিএসএ জানায়, তারা সাংবাদিকতার স্বাধীনতাকে সম্মান করে। তবে দণ্ডিত আসামিদের উসকানিমূলক বা সহিংসতামূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি সম্ভাব্য আইনি ঝুঁকি বিবেচনায় রাখার জন্য গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।





