জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (আনমিস)’-এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৯৯ সদস্যের প্রথম কন্টিনজেন্ট আজ মঙ্গলবার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। তারা ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১১’-এ নিয়োজিত হয়ে ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১০’ প্রতিস্থাপন করবে। এছাড়া, ১৯ ডিসেম্বর দ্বিতীয় গ্রুপে আরও ৩৯ নৌসদস্য এই শান্তিরক্ষী মিশনে যোগ দেবেন।

জাতিসংঘের নির্দেশনায় নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দক্ষিণ সুদানে নিয়োজিত রয়েছে। তারা সুদানের প্রত্যন্ত এলাকায় নিত্যপ্রয়োজনীয় জ্বালানি, খাদ্য, ঔষধ ও মানবিক সামগ্রী বহনকারী বার্জগুলোর নিরাপত্তা নিশ্চিত করছে। এছাড়া, জলপথের নিরাপত্তা পর্যবেক্ষণ, অগ্নিনির্বাপন, দুর্ঘটনায় উদ্ধার, বেসামরিক নাবিকদের সুরক্ষা এবং দূর্গম এলাকায় মিশনের জন্য প্রয়োজনীয় সরবরাহ পরিবহণের দায়িত্ব পালন করছে।

গত তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। তারা আহত সামরিক ও অসামরিক ব্যক্তিদের উদ্ধার, জরুরি চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ডুবুরি সহায়তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দক্ষিণ সুদানের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সংগ্রাম’ লেবাননের ভূমধ্যসাগরে মেরিটাইম টাস্কফোর্সের অংশ হিসেবে নিয়োজিত রয়েছে। নীল নদের ১৩১১ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে ৭১টি লজিস্টিক অপারেশন ‘লাইফ লাইন’ সফলভাবে সম্পন্ন করা হয়েছে। নৌবাহিনীর এই অংশগ্রহণ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।