ফরিদপুর-৪ আসনের আওতাধীন ভাঙ্গা উপজেলার হামিরদী ও আলগী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে শুরু হওয়া অবরোধে ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কের প্রায় ২০ কিলোমিটারজুড়ে বিক্ষোভ চলছে। প্রতিবাদকারীরা গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধ করেছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও সুয়াদী এলাকায় বিক্ষোভকারীরা অবস্থান নেন। তারা ‘আমার মাটি, আমার মা—খণ্ড হতে দেবো না’, ‘রক্ত লাগে রক্ত নে, আমার মাটি ফিরিয়ে দে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একদিনের জন্য অবরোধ প্রত্যাহারের সময় আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছিলেন, আজ রেলপথও অবরোধ করা হবে। তবে রেলওয়ে সূত্রে জানা গেছে, ভাঙ্গা হয়ে সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
অবরোধের কারণে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। দূরপাল্লার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মহাসড়কে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। অবরোধস্থলগুলোতে বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এখনো পর্যন্ত কোনো সহিংসতা বা বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
২০০৮ সাল থেকে পুরো ভাঙ্গা উপজেলা ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এই হঠাৎ সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ভাঙ্গার সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটে ফরিদপুর জেলার সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে যুক্ত করা হয়।
এর আগে, গত ৫ সেপ্টেম্বরও একই দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছিল। পরে বিএনপির উদ্যোগে রোববার ভাঙ্গা গোলচত্বর এক্সপ্রেসওয়েতে অবস্থান কর্মসূচি পালিত হয়। ওই কর্মসূচিতে নেতাকর্মীরা আন্দোলনের পাশাপাশি আইনগত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
উল্লেখযোগ্য যে, ভাঙ্গা উপজেলা একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। হামিরদী ও আলগী ইউনিয়ন ভাঙ্গা পৌরসভার সীমানা ঘেঁষা। অতীতে এই উপজেলা ফরিদপুর-৫ আসনের অন্তর্ভুক্ত থাকলেও ২০০৮ সালে ফরিদপুর-৪ আসনে যুক্ত করা হয়। এখন আবার তা থেকে দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করে নতুন আসনে সংযুক্ত করার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।





