ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ৯ শিশু ও ১৭ নারী রয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে। কমপক্ষে ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ সমাবেশে যোগ দেন। অনুমতি ছিল প্রায় ৩০ হাজার মানুষের, কিন্তু উপস্থিতি ৬০ হাজার ছাড়িয়ে যায় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়ি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পানির বোতল বিতরণের সময় বিশৃঙ্খলা আরও বাড়ে এবং পদদলনের ঘটনা ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ ও প্রশাসন।

টিভিকে প্রধান ও জনপ্রিয় অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয় এক্সে শোকবার্তায় লিখেছেন, “আমার হৃদয় ভেঙে গেছে। অসহনীয় ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর আমি। প্রাণ হারানো ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন পদদলনের কারণ খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে ঘটনাটিকে “অত্যন্ত বেদনাদায়ক” বলে মন্তব্য করেছেন।

আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। নির্বাচন ঘিরে বিজয় টানা প্রচারে রয়েছেন এবং একের পর এক সমাবেশ ও সভা করছেন।