আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে প্রথম ধাপে ২২৩টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার পুরানা পল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আমির শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক।
সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এতে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ কেন্দ্রীয় ও শূরা সদস্যরা।
সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরে জানানো হয়, বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় সংসদে দ্বিকক্ষীয় কাঠামোর পক্ষে। তারা নিম্নকক্ষে আংশিক অনুপাতিক প্রতিনিধিত্ব (Partial PR) এবং উচ্চকক্ষে পূর্ণ অনুপাতিক প্রতিনিধিত্ব (Full PR) চায়। দলের নেতারা বলেন, “একদলীয় শাসনব্যবস্থা জনগণের প্রকৃত মত প্রকাশে ব্যর্থ। অনুপাতিক পদ্ধতিই পারে বিভিন্ন শ্রেণি ও মতধারার সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে।”
আমির মামুনুল হক বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি। দুঃখজনকভাবে ফ্যাসিবাদবিরোধী দলগুলো নিজেরাই এখন বিভক্ত। এই বিভাজন ফ্যাসিবাদীদের উৎসাহ দিচ্ছে, যারা এখন জুলাই-আগস্টের বিপ্লবীদের ওপরও হামলা চালাতে সাহস পাচ্ছে।”
তিনি গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন, “এই হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। গোপালগঞ্জ কোনো বিচ্ছিন্ন এলাকা নয়—এই জেলা ইসলামের ও মুসলমানদের এক গৌরবময় ভূমি। এখানকার জনগণই অগণতান্ত্রিক শক্তিকে প্রতিহত করবে ইনশাআল্লাহ।”





