নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে। শনিবার (২০ ডিসেম্বর) ইসি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করতে পারবেন ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। পূর্বে এই সময়সীমা ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল। অন্যদিকে, আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বৃদ্ধি করে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি করা হয়েছে।
নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে সাধারণ নির্বাচন আয়োজন করা প্রয়োজন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬।





