ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই বিস্ফোরণের পেছনে ইসরায়েল রয়েছে কিনা—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (১৫ জুন) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

\r\n

এর আগের রাতে একই অঞ্চলে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল, যেখানে ১৫ তলা একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলার জের ধরে তেহরানজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

\r\n

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “ইরানের পারমাণবিক সক্ষমতা ও অস্ত্র ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে।” স্থানীয় সংবাদমাধ্যমগুলো কাৎজের বরাত দিয়ে জানিয়েছে, তেহরানকে আর কোনও হুমকির উৎস হিসেবে মেনে নেওয়া হবে না।

\r\n

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে ইঙ্গিত করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ইরানের স্বৈরশাসক নিজের শাসন টিকিয়ে রাখতে তেহরানকে বৈরুত বানিয়ে ফেলেছেন। তিনি পুরো রাজধানী ও জনগণকে জিম্মি করে রেখেছেন।”

\r\n

ইরান-ইসরায়েল চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের আকাশ-স্থলে উত্তেজনা চরমে পৌঁছেছে। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে, যা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব।