আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষিতে পঞ্চগড় সীমান্তে তেলের সম্ভাব্য পাচার ঠেকাতে কড়াকড়ি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা-য় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন বাংলাবান্ধা স্থলবন্দর ও জেলার সীমান্ত এলাকায় নজরদারি ও টহল শুরু করেছে। সদর দপ্তরের নির্দেশনায় প্রায় ১৩৫ কিলোমিটার সীমান্তে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে।
ইমিগ্রেশন চেকপোস্টেও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। সীমান্তজুড়ে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে এবং তেল পাচারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, যশোর সীমান্তেও তেল পাচার রোধে কড়াকড়ি দেখা গেছে। ট্রাকে ট্রাকে তল্লাশি চালাচ্ছে বিজিবি, যাতে কোনো উপায়ে তেল প্রতিবেশি দেশে চলে না যায়।





