দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং যে কোনো মূল্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে অস্থিরতা না ছড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।


\r\n

শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য রহমান অমিত, জ্বালানি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


\r\n

বৈঠকে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হলে প্রধানমন্ত্রী তা নাকচ করে দেন। কর্মকর্তারা জানান, বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি করে সরকার প্রায় ১৮ থেকে ২০ টাকা পর্যন্ত লোকসান গুনছে। তবে প্রধানমন্ত্রী দাম না বাড়িয়ে সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং বাজারে স্বাভাবিক অবস্থা বজায় রাখার ওপর জোর দেন।


\r\n

জ্বালানি বিভাগ বৈঠকে জানায়, সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ৯ মার্চ দুটি জাহাজে করে ডিজেল দেশে পৌঁছানোর কথা রয়েছে এবং পরে আরও দুটি জাহাজ আসবে। পাশাপাশি হরমুজ প্রণালির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আন্তর্জাতিক বাজারেও স্থিতিশীলতা আসতে পারে বলে আশা করা হচ্ছে।


\r\n

প্রধানমন্ত্রী নির্দেশ দেন, জ্বালানি তেলের মজুতদারি রোধে কঠোর নজরদারি চালাতে হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।


\r\n

বৈঠকের পর জ্বালানিমন্ত্রী জানান, দেশে ডিজেল, অকটেন ও পেট্রোলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য সবার প্রতি আহ্বান জানান।


\r\n

মন্ত্রী আরও বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কেউ তেল বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে রোববার থেকে সারা দেশে ফিলিং স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করা হবে।


\r\n

এদিকে জ্বালানি তেল রেশনিং কার্যক্রম শুরুর প্রথম দিনেই দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনগুলোতে ভিড়, হট্টগোল ও বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় রাজধানীর অনেক ফিলিং স্টেশন দুপুরের পর বন্ধ হয়ে যায়।


\r\n

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা ও আশপাশের এলাকায় প্রায় ১২৫টি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে তেল সংকটের কারণে শনিবার দুপুরের মধ্যেই শতাধিক স্টেশন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।