তিন মন্ত্রণালয়ের তিন সচিবকে বদলি করেছে সরকার। রবিবার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জোবায়েরকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-তে সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে।

অন্য এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মো. কামাল উদ্দিনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া এনএপিডির মহাপরিচালক (সচিব) সিরাজুন নূর চৌধুরীকে আইএমইডির সচিব পদে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।