তিন দফা দাবি বাস্তবায়নের চাপ বাড়াতে বৃহস্পতিবারও পূর্ণ কর্মবিরতি বা “কমপ্লিট শাটডাউন” বজায় রাখার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শোকজ নোটিশ ও শাস্তিমূলক পদক্ষেপের হুমকি সত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল।

বুধবার রাতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এবং ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ যৌথ ভার্চুয়াল বৈঠক শেষে এ ঘোষণা দেয়।

সংগঠনগুলোর নেতারা বলেন, অর্থ মন্ত্রণালয় ১০ নভেম্বর সহকারী শিক্ষকদের বেতনস্কেল সংশোধনের প্রতিশ্রুতি দিলেও তিন সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি। সেই কারণেই পরীক্ষা বর্জন ও বিদ্যালয় তালাবদ্ধ রাখার কর্মসূচি সারা দেশে অব্যাহত রয়েছে।

তারা আরও জানান, আন্দোলনকারী শিক্ষক, বিশেষ করে ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে শোকজ নোটিশ জারি উদ্বেগজনক।

তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ চলবে বলে তারা স্পষ্ট জানিয়ে দেন।

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে:

১. অর্থ মন্ত্রণালয়ের ঘোষণার ভিত্তিতে আপাতত সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেডে প্রজ্ঞাপন জারি।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।