সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা এলাকায় অবৈধভাবে বিল শুকিয়ে মাছ ধরার অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আনন্দনগরের দাঁতভাঙা বিলে এ অভিযান পরিচালিত হয়।


জানা যায়, তাহিরপুর উপজেলা মৎস্য অফিসার জনাব কে. এম. মাহফুজুর রহমানের প্রসিকিউশনে এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাহিরপুর মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে তাহিরপুর থানার পুলিশ সদস্যসহ ভূমি ও মৎস্য অফিসের স্টাফরা সহযোগিতা করেন।

অভিযানকালে কোনো আসামি আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে আনুমানিক ১০০০ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল, পাইপসহ বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল ও সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়া জব্দকৃত প্রায় ১২ কেজি মাছ স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষা এবং প্রাকৃতিক জলাশয়ের পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধভাবে বিল শুকিয়ে মাছ ধরা বা নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি প্রদান করা হয়েছে।