বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে সপরিবারে পবিত্র ওমরাহ পালনের জন্য লন্ডন থেকে সৌদি আরব রওনা হবেন। তারেক রহমানের সঙ্গে তাঁর স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও থাকবেন।
লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ বিএনপি নেতারা জানান, ২০ অক্টোবর তারা ওমরাহর উদ্দেশ্যে যাত্রা করবেন। ওমরাহ পালন শেষে লন্ডনে ফিরে সবকিছু ঠিক থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।
ব্রিটেনে অবস্থানরত আরও কয়েকজন বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে ওমরাহতে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে পরিবারের বাইরে একই ফ্লাইটে কে কে যাচ্ছেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
এর আগে, তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে খালেদা জিয়ার সঙ্গে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যান। তার পূর্বে ২০১৪ সালে তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেছিলেন।





