বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশনায়ক তারেক রহমান খুব শিগগিরই বাংলাদেশে ফিরবেন। তার আগমন উপলক্ষে প্রস্তুতি চলছে এবং তিনিও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, “যেদিন তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন দেশের ১৮ কোটি মানুষ টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও অন্যান্য গণমাধ্যমের মাধ্যমে তাকে স্বাগত জানাবে—এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি বলেন, “বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে তুলেছিলেন। দেশের উন্নয়ন, মানবাধিকার এবং জনগণের অধিকার আদায়ের জন্যই বিএনপি প্রতিষ্ঠা করা হয়েছিল। আজকের দিনে আমরা বলতে চাই—নির্বাচনই গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রধান মাধ্যম। এর কোনো বিকল্প নেই।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যারা নির্বাচন চায় না, বা নির্বাচন বিলম্বিত করতে চায়, তাদের পেছনে বিশেষ শক্তির হাত রয়েছে। তবে আমি মনে করি, সব রাজনৈতিক দল যদি নির্বাচনের পক্ষে একতাবদ্ধ হয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনকালীন সময়ে শক্তিশালী ভূমিকা পালন করবে।”
পরে তিনি বাসাইল উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।





