পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ভ্রমণ নথি ও সহযোগিতা দেবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


তৌহিদ হোসেন বলেন, দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ তারেক রহমানের। তিনি দেশের নাগরিক, চাইলে যেকোনো সময় ফিরতে পারেন। ফিরতে গিয়ে ভ্রমণ নথি বা পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে সরকার তা সমাধান করবে। তিনি আরও বলেন, “উনি যখন আসতে চাইবেন, তখন তাঁর প্রয়োজনীয় সহযোগিতা অবশ্যই দেওয়া হবে।”


তারেক রহমানের মামলা নিষ্পত্তি বা ট্রাভেল পাস ইস্যু সংক্রান্ত প্রশ্নে উপদেষ্টা জানান, এসব বিষয়ে সিদ্ধান্তও তারেক রহমানের। সরকার তার প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দেবে। তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেবে সরকার । এবং বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিতে চাইলে দেয়া হবে সহযোগিতা । 


সাংবাদিকদের এক প্রশ্নে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ যে চিঠি দিয়েছে, নয়াদিল্লি এখনো কোনো সাড়া দেয়নি। দ্বিতীয় দফায় আর চিঠিও পাঠানো হয়নি।


ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক এগোতে হলে দুই দেশকেই সমানভাবে আগ্রহী হতে হবে।


নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধান দল ইতোমধ্যে বাংলাদেশ সফর করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে রয়েছে।


আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে উন্নয়ন অংশীদারদের অবস্থান জানতে চাইলে উপদেষ্টা বলেন, কোন দল নির্বাচন করবে বা করবে না, তা নির্বাচন কমিশনের এখতিয়ার। এ বিষয়ে তিনি মন্তব্য করতে চান না।