বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনো কোনো ট্রাভেল পাসের আবেদন করেননি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

লন্ডনে থাকা তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আবেদন করলেই ট্রাভেল পাস দেওয়া হবে। তবে তার জানামতে, এখন পর্যন্ত এমন কোনো আবেদন আসেনি।

তারেক রহমানের পাসপোর্ট বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি মন্তব্য এড়িয়ে বলেন, এ বিষয়ে তিনি নিশ্চিত নন। একই সঙ্গে তিনি জানান, বিএনপি নেতার দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্যও নেই।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, চিকিৎসকরা প্রয়োজন মনে করলে এবং পরিবার বা দল সিদ্ধান্ত নিলে সরকার সহযোগিতা করতে প্রস্তুত। তার ভাষায়, চিকিৎসার ব্যাপারটি পুরোপুরি বিশেষজ্ঞ চিকিৎসক এবং পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল, তবে সরকারের প্রস্তুতি রয়েছে।